“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়ায় শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। আজ ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. শুভ্র দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানুর রহমান বলেন, “সুষম খাদ্য নিশ্চিত করা এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি। পুষ্টিহীনতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে হবে। সঠিক পুষ্টি জ্ঞানই একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনের মূল ভিত্তি।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সাজ্জাদ ওসমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম, খাবার বিতরণ, আলোচনা সভা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

