লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপটিবাড়ি এলাকায় ট্রাকচাপায় এক বিড়ি কারখানার শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম ইসলাম (৩০) আদিতমারী উপজেলার জামুরটারী তেঁতুলতলা এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওয়াসিম। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আদিতমারী এলাকায় স্থানীয়রা ধাওয়া করে সেটি আটক করেন। পরে পুলিশ ট্রাক ও চালককে থানায় নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজট।
নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, চালকের অসতর্কতার কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চার লেন হওয়ার কথা থাকলেও সড়কটি সংকীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানি বাড়ছে।
সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফিজুর ইসলাম বলেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক মান অনুযায়ী সড়কটি প্রশস্ত করা জরুরি। আমরা দ্রুত সড়কটি ফোর লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।
আদিতমারী থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিড়ি কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়।
পড়ুন : রাজারহাটে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬


