হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি পালন করা হয়।
সোমবার ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক আয়োজিত এই দিবসের শুভ সূচনা করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ভাইস-চ্যান্সেলরের সাথে আরও উপস্থিত ছিলেন, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান
এছাড়া উক্ত অনুষদের বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন অত্যন্ত মহতী একটি উদ্যোগ। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যেমন হাতে-কলমে পশুপাখির রোগবালাই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছে, তেমনি বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় কৃষকরাও সরাসরি উপকৃত হচ্ছেন।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, হাবিপ্রবির পক্ষ থেকে জনকল্যাণমূলক ও সেবামূলক এসব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ করে মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য যে, দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আওতায় ছিল গবাদি পশুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের টিকা প্রদান এবং পশুপালনে বৈজ্ঞানিক পরামর্শ প্রদান। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েকশ গবাদি পশুকে এই সেবার আওতায় আনা হয়। অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ রক্ষায় ভেটেরিনারিয়ানদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

