বিজ্ঞাপন

ভবিষ্যতের ডাক্তার-ইঞ্জিনিয়ার এ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্য থেকেই হবে: ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে নিজ নির্বাচনী এলাকার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটির সাথে সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার তাদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নের নানা আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদের সাথে আলাপকালে ডেপুটি স্পীকার জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেছেন।”

সংসদ গ্রন্থাগারের সমৃদ্ধির কথা উল্লেখ করে তিনি জানান, এখানে শত বছরের পুরোনো বই, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের গুরুত্বপূর্ণ সব দলিল সংরক্ষিত রয়েছে। এসব ঐতিহাসিক তথ্য-উপাত্ত নিয়ে কাজ করতে দেশ-বিদেশের বহু গবেষক নিয়মিত এখানে আসেন।

শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে।” এই লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।

দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উন্নয়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডেপুটি স্পীকার জানান, খুব শিগগিরই কলেজের হোস্টেল নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, শুধু অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়; শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশও অত্যন্ত জরুরি।

তিনি কলেজটিকে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কলেজে শিফট ও শিক্ষক সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ পরিদর্শনের এমন দারুণ সুযোগ করে দেওয়ায় ডেপুটি স্পীকারের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন প্রতিনিধিদলটি সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিভিন্ন ভিআইপি অফিস ঘুরে দেখেন। এছাড়া, সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিলুপ্তির ঝুঁকিতে হাজং ভাষা, শেখাতে উদ্যোগী সরকার : ডেপুটি স্পিকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন