বিজ্ঞাপন

ঢাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মতাদর্শী ৪ জন গ্রেপ্তার

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মতাদর্শী ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার রাতে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বকর (২৫)। তাদের মধ্যে ইমরান ও মোস্তাকিম দুই ভাই।

ডিবি প্রধান জানান, গ্রেপ্তারকৃতরা ‘আরসা’ নামে একটি চরমপন্থী সংগঠনের সদস্য। তবে এই আরসা রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নয়। সংগঠনটি টিটিপির আদর্শে অনুপ্রাণিত।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান-শুটার, ১৪ রাউন্ড গুলি, বেশ কিছু গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, একটি ড্রোন ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম, সামরিক পোশাকের কাপড়, ‘জিহাদি’ বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

অভিযানের পর পুলিশ কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে।

আজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার ভোর ৩টার দিকে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম এবং বিকেলে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন ও আবু বকরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহ করেছিল।

বিজ্ঞাপন

পড়ুন : ধর্মীয় অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন