সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। মাঝে প্রখর রোদ উঁকি দিলেও সেই স্বস্তি স্থায়ী হলো না মিরপুরে। আবহাওয়া পূর্বাভাসের শঙ্কা সত্যি করে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হানা দিয়েছে বৃষ্টি। ফলে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি।
শনিবার (২ মে) বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান।
আজ সকাল থেকেই মিরপুরের আকাশে ছিল মেঘের ঘনঘটা। গুমোট পরিস্থিতির কারণে ভরদুপুরেই স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা শুরু করতে হয়। তবে নির্ধারিত সময়ে টস ও খেলা শুরু হলেও প্রথম পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই বৃষ্টির বাগড়ায় মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, দুপুরের দিকে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে আম্পায়াররা দ্রুত খেলা বন্ধের ঘোষণা দেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়েছিল। আজকের ম্যাচেও প্রকৃতির এমন আচরণে সিরিজের ভাগ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, মাঠ কর্মীরা পিচ ঢেকে রেখেছেন এবং বৃষ্টির তীব্রতা কমার অপেক্ষায় আছেন ম্যাচ অফিশিয়ালরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

