ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান সংগ্রহের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় চাষিরা।
সোমবার (৪ মে) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) তাছলিমা বেগম, আখাউড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সাজেদুর রহমান, উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস, কৃষক প্রতিনিধি সোহাগ খান, কৃষক খোকন মিয়া ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বোরো মৌসুমে আখাউড়া উপজেলায় মোট ৫৬৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
এ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। ‘আগে আসলে আগে সরবরাহ’ ভিত্তিতে কৃষকেরা ধান দিতে পারবেন। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি (৩ বস্তা) থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন (৭৫ বস্তা) পর্যন্ত ধান গুদামে সরবরাহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, “সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই যেন প্রকৃত কৃষকরা এই সুবিধা পান, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”
স্থানীয় কৃষকেরা জানান, সরাসরি সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পাওয়ায় তারা লাভবান হবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে চলতি মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হবে।
পড়ুন:দিনাজপুরে বীরগঞ্জে নদী ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


