চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদকের টাকার জন্য নিজের মা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে ইমাম হোসেন (২৫) নামে এক মাদকাসক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তার মা কহিনুর বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করতেন। তার এমন নির্যাতনে পরিবারটি অতিষ্ঠ হয়ে ওঠে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেনকে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পড়ুন : নাগরিক টিভির প্রতিবেদন ঘিরে তোলপাড়: সীতাকুণ্ড থানার দুই পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদে


