চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আবিরা জাহান নুসরাত (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিনকীআস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে এবং উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী জানান, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন- চীনে তিস্তা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
দেখুন- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে তলিয়ে গেছে ৩০০ হেক্টর জমির ধান


