সংযুক্ত আরব আমিরাতের আল জির বন্দর-সংলগ্ন এলাকায় গত ৪ মে একটি চীনা মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালির প্রবেশমুখে সংঘটিত এই হামলায় জাহাজটির ডেকে আগুন ধরে যায় বলে জানিয়েছে চীনা গণমাধ্যম কাইক্সিন।
প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে ‘চায়না ওনার অ্যান্ড ক্রু’ লেখা ছিল। এটিই প্রথম কোনো চীনা তেলবাহী জাহাজে হামলার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।
জাহাজটির মালিকপক্ষের ঘনিষ্ঠ একজন ব্যক্তি কাইক্সিনকে বলেন, ‘এই প্রথম কোনো চীনা তেল ট্যাংকার আক্রান্ত হলো এবং এটা মানসিকভাবে মেনে নেওয়া অত্যন্ত কঠিন।’
ঘটনার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ আবার নিরাপদভাবে সচল করার উদ্যোগ শুরু হয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে একটি ফরাসি যুদ্ধজাহাজ সুয়েজ খালের দক্ষিণ দিক পেরিয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে।
ফ্রান্স-এর সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ শার্ল দ্য গল হরমুজ প্রণালির দিকে রওনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ বাণিজ্যিক তেল এই প্রণালি দিয়ে পরিবহন হতো। ফলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।
এদিকে ইমানুয়েল ম্যাখোঁ এবং কিয়ার স্টারমার একটি বহুজাতিক নিরাপত্তা মিশনের নেতৃত্ব দিচ্ছেন। তাদের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আবার আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
দুই নেতা জানিয়েছেন, এই মিশন পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে এবং যুদ্ধ পরিস্থিতি শেষ হওয়ার পর তা মোতায়েন করা হবে।
সূত্র: আরব নিউজ
পড়ুন : ইরান চুক্তিতে রাজি না হলে ভয়াবহ ও তীব্র বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের


