বিজ্ঞাপন

কালাইয়ে রেজিস্ট্রেশন নিয়ে স্কুলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

জয়পুরহাটের কালাই পৌরশহরের আঁওড়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে বিদ্যালয় চলাকালে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শিক্ষার্থীর বাবা, ভাই ও স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্র ও স্থানীয়রা জানান, মোছা. হুমায়রা নামে এক শিক্ষার্থী ২০২৫ সালে বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। বিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী তার রেজিস্ট্রেশনও বিজ্ঞান বিভাগে করা হয়। সে বিজ্ঞান বিভাগের বই গ্রহণ করে এবং অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেয়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর বড় ভাই জাহিদ বিদ্যালয়ে এসে রেজিস্ট্রেশন বিষয়ে জানতে চান। অফিস সহকারী মামুনুর রশিদ তাকে রেকর্ডপত্র দেখালে তিনি দাবি করেন, তার বোনের রেজিস্ট্রেশন মানবিক বিভাগে হওয়া উচিত ছিল। এ নিয়ে তর্কের একপর্যায়ে তিনি শিক্ষকদের হুমকি দিয়ে চলে যান। পরে জাহাঙ্গির হোসেন, জাহিদ, মোর্শেদুলসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালান। তারা অফিস সহকারীকে মারধর করেন এবং অফিসের কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আলমিরা ভাঙচুর করেন। এছাড়া সততা স্টোরের মালামাল, টাকা ও কাগজপত্র নিয়ে যান বলেও অভিযোগ উঠেছে। ঘটনার সময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বেরিয়ে যান। পরে হামলাকারীরা অফিস কক্ষে তালা লাগিয়ে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা কেটে অফিস কক্ষে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আঁওড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মামুনুর রশিদ বলেন, রেজিস্ট্রেশন সংশোধনের সুযোগ থাকার কথা জানানো হয়েছিল। এরপরও তারা হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করেছে।

বিদ্যালয়ের আয়া মাহবুবা খাতুন বলেন, আমি বাইরে কাজ করছিলাম। হঠাৎ দেখি কয়েকজন লাঠি ও কোদাল নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর করছে।

সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বসাক বলেন, রেজিস্ট্রেশন নিয়ে ভুল বোঝাবুঝি হলেও তা সংশোধনের সুযোগ ছিল। কিন্তু তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।

অভিযুক্ত জাহিদ সাংবাদিকদের বলেন, আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম, তবে মারধর বা ভাঙচুর করিনি।

কালাই থানার এসআই আমিনুল ইসলাম বলেন, অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মস্তফা খান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন