চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার । শুক্রবার (৮ মে) বিকেলে জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্প ও এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ জনপদ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে পদায়নের পর বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগ দেন মাসুদ আলম। যোগদানের পরদিনই গুরুত্বপূর্ণ এলাকা জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে তিনি বলেন, “জঙ্গল সলিমপুরকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে বাইরে থেকে মানুষ চিনে এসেছে। এখানে র্যাব সদস্য হত্যার ঘটনাও ঘটেছে।”
তিনি আরও বলেন, “প্রশাসনের উদ্যোগে এ জনপদ অনেকটাই সন্ত্রাসমুক্ত করা হয়েছে। আগামীতেও এখানে বসবাসরত মানুষ যেন নিরাপদে থাকতে পারেন এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন কাজ করবে।”
জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে তিনি সীতাকুণ্ড মডেল থানায় যান এবং থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : হত্যাচেষ্টা মামলায় কারাগারে পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম


