চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালি সমুদ্র সৈকত এলাকায় দোলনায় বসাকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকতে থাকা একটি দোলনা ভেঙে যাওয়াকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। আহত পর্যটকরা সবাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
সীতাকুণ্ড মডেল থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পড়ুন- বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত


