মানিকগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে, সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার আটিগ্রাম এলাকার শেখ ফুড প্রোডাক্টস নামের একটি আইসক্রিম কারখানায় বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা, কাটিগ্রাম এলাকার জারিফা ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, ৫ লিটার তেলের মাপে ১৭৫ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল বিক্রির দায়ে আটিগ্রাম বাজারের আব্দুস সালাম নামের এক তেল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে মানিকগঞ্জ শহরের দুধবাজার এলাকার রুপচাঁদা সয়াবিন তেলের এক ডিলার প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। তবে বড় ধরনের অনিয়ম না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
সহকারী পরিচালক আসাদুজ্জামান জামান রুমেল বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
পড়ুন- কলমাকান্দায় জাসাসের পুরাতন কমিটি বিলুপ্ত, তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়


