খুলনার তেরখাদা উপজেলায় জমজ শিশু হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত| একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়|
বুধবার (১৩ মে) দুপুরে খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন| আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন|
আদালত সূত্রে জানা যায়, আসামী তেরখাদা উপজেলার কুশলা গ্রামের বাসিন্দা শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে| ২০১৮ সালে বাগেরহাট জেলার মোল্লাহাট গ্রামের বাসিন্দা মোল্লা আবু বকরের ছেলে মো. মাসুম বিল্লাহর সঙ্গে তেরখাদা উপজেলার কুশলা গ্রামের খায়েরের মেয়ে কনার বিয়ে হয়| ২০২১ সালের ৭ ডিসেম্বরে মোল্লাহাট লাকি ক্লিনিকে সিজারের মাধ্যমে কনার গর্ভে দুটি জমজ কন্যা সন্তান জন্ম নেয়| ক্লিনিক থেকে বাবার বাড়িতে চলে আসেন তিনি| কনা তার স্বামীকে প্রায় ফোন করে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন| কিন্তু স্বামী মাসুম জানান, খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাব|
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে ফোন করে কনা তার ছোট বোনকে মোবাইল ফোনের মাধ্যমে জানান তার দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না| সংবাদ পেয়ে সে শ্বশুর বাড়িতে চলে আসেন| শ্বশুর বাড়ির পরিবারের সদস্যসহ সবাই একসঙ্গে খুঁজতে থাকেন| ওই দিন ভোর ৬টার দিকে শ্বশুর বাড়ির পারিবারিক পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়| এ ঘটনায় নিহত যমজ দুই শিশুর বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি স্ত্রী কনাকে আসামি করে মামলা দায়ের করেন| মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার এসআই মো. এনামুল হক একই বছরের ৩১ মার্চ কনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন|
পড়ুন- তিনদিনের সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প


