কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো— উপজেলার ছয়সূতী ইউনিয়নের মো. ফাইজুল (১৭), মো. সাকিব (১৫) ও পাঁপন (১৬)।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে চরাকান্দা এলাকার একটি আবাদি জমিতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্তদের একজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।
অভিযোগে বলা হয়, ঘটনার পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ভুক্তভোগীকে চুপ থাকতে বাধ্য করা হয়। সম্প্রতি ওই কিশোরীর বিয়ের আলোচনা শুরু হলে অভিযুক্তরা আবারও সক্রিয় হয়ে ওঠে। গত ১১ মে রাতে তারা কিশোরীকে ডেকে নিয়ে বিয়ে করলে ভিডিও প্রকাশের হুমকি দেয়।
এরপর মানসিকভাবে ভেঙে পড়া কিশোরী বিষয়টি পরিবারকে জানায়। পরে তার মা মোছাঃ ফাতেমা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। মামলার আলামত সংগ্রহ ও ভিডিও উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পড়ুন : গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে


