চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি ও এক বৃদ্ধকে ভয়ভীতি দেখানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর এক ছাত্রকে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে বারঘোরিয়া বাজারে এক বৃদ্ধকে ডিবি পরিচয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায় ওই ভুয়া ডিবি। এসময় বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে তাকে ঘিরে ফেলেন। এ সময় তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা সরকারি কাগজপত্র না পাওয়ায় নিশ্চিত হন যে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণা করছেন।
এর আগে গত বুধবার (১৩ মে ) রাতে শ্রী সিবাস নামের এক ব্যক্তির কাছে ডিবি পরিচয়ে দের হাজার টাকা নেওয়ারও অভিযোগ পাওয়া যায়।
আটক ব্যক্তি, গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো: শহিদুল ইসলামের ছেলে আল সিহাব(২০)। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের ছাত্র।
এবিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ একরামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে এসেছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ


