সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের বিভিন্ন দিক তুলে ধরতে কুড়িগ্রামে লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রদল। রোববার (১৮ মে) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে সনদ সম্পর্কিত তথ্যসম্বলিত লিফলেট তুলে দেন এবং এর বিভিন্ন প্রস্তাবনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।
লিফলেটে উল্লেখ করা হয়, জুলাই জাতীয় সনদে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী করতে নির্বাচনী সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদীয় ভারসাম্য, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এসব প্রস্তাবনার প্রতি বিএনপির সমর্থনের কথাও সেখানে তুলে ধরা হয়।
এছাড়া গণভোটের ‘খ’ নম্বর প্রশ্ন নিয়ে বিএনপির আপত্তির বিষয়টিও লিফলেটে উল্লেখ করা হয়। তবে ওই প্রশ্ন বাদ দিয়ে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক চর্চা, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এবং জনগণের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতেই সাধারণ মানুষের কাছে জুলাই জাতীয় সনদের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

