নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফের সালিশী বৈঠকে হামলা চালিয়ে কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে যুবদল নেতা কাউসার ও তার লোকজন। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
গতকাল সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে সন্ত্রাসী মহড়া দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানোয় এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এরআগে গত সপ্তাহে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় বিএনপির দুগ্রুপের শালিস বৈঠকে হামলায় ঘটনায় বাড়ি ঘর ভাংচুর, হামলা,মামলা, গুলির ঘটনা ঘটলে জনমনে আতঙ্ক তৈরী হয়৷
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় বিরাবো এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হকের ভাতিজা আনিতের সাথে যুবদলকর্মী কাউসারের ভাগিনা আলিফের কথাকাটাকাটি হয়। এসময় যুবদল নেতা আজিম নাইবুর নামে একজনকে মারধর করে।
এতে ক্ষিপ্ত হয়ে রাতেই যুবদলকর্মী কাউসার ও তার লোকজন অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ২ নং ওয়ার্ড যুবদলে অফিসে হামলা ও ভাংচুর চালায়।
এদিকে এর জের ধরে সোমবার বিকালে কাউসার তার লোকজন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বিরাবো বাজারে মহড়া দিলে ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল তার লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি কাঞ্চন পৌর বিএনপির নেতারা জানতে পেয়ে রাতে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের লোকজন নিয়ে বিরাবো বাজারে একটি রেস্টুরেন্টে সালিশী বসে। সালিশীর একপর্যায়ে উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠে। এসময় কাউসার ও তার লোকজন বৈঠকে হামলা চালিয়ে বিএনপি নেতা মোজ্জামেলকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোন ঘটনায় তারা। আশেপাশের লোকজন মোজাম্মেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজধানী পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা কাউসার মুঠোফোনে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না৷ তবে শালিসে বাহিরের এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে মহড়া দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। আজ ( মঙ্গলবার) সকালে ককটেল ফুটিয়ে বিরাবো বাজার এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। তাই আমি এলাকায় যেতে পারছিনা।
পড়ুন- রাখাইনে গণহত্যায় প্রাণ যায় অন্তত ১৭০ রোহিঙ্গার: হিউম্যান রাইটস ওয়াচ


