সমাজ কল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান সরকার নাগরিক সেবা, মানবিক সেবা দেশের জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে চাচ্ছে।
আইন মন্ত্রনালয় থেকে লিগ্যাল এইড আছে যেন আদালতের উপর চাপ কম পড়ে। জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রনালয় এগিয়ে এসেছে। ভূমি সেবা মেলা উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পুতুল বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ বেশিরভাগ হয় পরিবারের ভিতরে। ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত রয়েছে। আমরা গ্রাম আদালতে যেতে চাই না। ভূমি মন্ত্রনালয় নাগরিক সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। তিনদিন ব্যাপী আয়োজিত মেলায় ৭টি স্টল অংশ নিচ্ছে।


