শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই—এই স্লোগানে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় প্রেসক্লাব মুন্সীগঞ্জের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, সমাজে দিন দিন নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ জরুরি।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, সামাজিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকেরা অংশ নেন।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।


