বিজ্ঞাপন

সরকারের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতিতে যা আছে, জানালেন মাহদী আমিন

সরকারের ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে শিল্প-কারখানার শ্রমিকরা এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রী কার্যালয়ে বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত, অর্থাৎ প্রায় ৬২ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাকি ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়কার সরকার দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে।

তবে তিনি অভিযোগ করেন, এই স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচারে জড়িত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, সরকার একদিকে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে, অন্যদিকে বাকস্বাধীনতার নামে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানোর রাজনীতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও জানান, দেশের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, কুষ্টিয়ার মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করা হয়েছে, যেখানে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আলোচিত তনু হত্যা মামলার এক আসামিকে এক দশক পর গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। একইভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে ভারতে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে না গিয়ে প্রধানমন্ত্রীই জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়িয়ে তিনি মানবিক নেতৃত্বের পরিচয় দিচ্ছেন।

মাহদী আমিন আরও বলেন, বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পূর্ববর্তী সরকার বাদ দিয়েছিল। জাতীয় স্বার্থ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক খাত, ব্যাংকিং ব্যবস্থা ও রাষ্ট্র কাঠামোয় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে।

দুর্নীতিবিরোধী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৯০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দেওয়া হয়েছে।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১০টি দেশের মধ্যে তিনটির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, গত মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা প্রবাসীদের সরকারের প্রতি আস্থার প্রতিফলন। বর্তমানে মাসিক রেমিট্যান্স প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তিনি আরও জানান, বন্ধ কলকারখানা পুনরায় চালু ও অর্থনীতিতে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যা নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে।

পড়ুন: ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন