কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ সচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজধানীর হাতিরপুল ও এলিফ্যান্ট রোডে এবং গ্রীণরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় তাদের দু’জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন– ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী প্রটোকল ছাড়া নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। শহরের গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার এমন ভয়াবহ চিত্র দেখে প্রধানমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়াও সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মীরদা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।
পড়ুন : রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী


