শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে দুপুরে তারা বন্দর থানা এলাকায় যুক্ত হয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডের অনুষ্ঠানে উপস্থিত হন।
এসময় নেতৃবৃন্দ নগরীর ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং জাতীয়তাবাদী দর্শন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গাড়িবহরে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম দেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
পড়ুন : চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান


