দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববারও আবহাওয়ার চিত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের আশঙ্কা থাকবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।
সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি দেশের অন্য বিভাগগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।
পড়ুন: ঈদের তৃতীয় দিন: রোদ-গরমেও বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড়


