গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ ১০ নম্বর ওয়ার্ড এলাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে এক ফার্মেসি ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদুল নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহান আল্লাহ তায়ালাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। অভিযোগটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসীর দাবি, এর আগেও প্রায় এক বছর আগে তার বিরুদ্ধে ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল। সে সময় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয় এবং পরবর্তীতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সর্বশেষ ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে মাথার চুল কেটে, পরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো : ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবদল কর্মী আটক, ভিডিও ভাইরাল


