বিজ্ঞাপন

শরবত পান করে অসুস্থ দুই শিশু, বাবার বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলায় দুই শিশুকে বিষ মিশ্রিত শরবত খাওয়ানোর অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ভাই-বোনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন


সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের মধ্যে ইয়াসিন (১৪) ও ছামিয়া (৭) নামে দুই ভাই-বোন রয়েছে। অভিযুক্ত সিরাজুল শিকদার (৪০) জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিরাজুল শিকদার তার ছেলে ইয়াসিনকে চিনি আনতে বলেন। পরে তিনি শরবত তৈরি করে ছেলে ও মেয়েকে পান করতে দেন। শরবত পান করার কিছুক্ষণ পরই দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিন দাবি করে, তার বাবা তৈরি করা শরবত পান করার পরই সে অসুস্থ বোধ করতে শুরু করে। একই অভিযোগ করেছে তার ছোট বোন ছামিয়াও। সে জানায়, শরবত পান করার পর মাথা ঘুরে পড়ে যায়।


প্রতিবেশী মো. কামরুল ইসলাম বলেন, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন দুই শিশু কাতরাচ্ছে। পরে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
শিশুদের নানা আব্দুল করিম অভিযোগ করে বলেন, তার নাতি-নাতনিকে বিষ মিশ্রিত শরবত খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।


তবে অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল শিকদার। তিনি বলেন, “গত এক বছর ধরে আমি সন্তানদের লালন-পালন করছি। এক বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। শ্বশুরবাড়ির লোকজন আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে।”


পিরোজপুর জেলা হাসপাতালের সিনিয়র নার্স শিলা রানী জানান, শিশুদের মধ্যে একজনকে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছে। তার শ্বাসকষ্ট থাকায় অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক বলেন, শিশুদের উপসর্গ দেখে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন- দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন