মানিকগঞ্জের সাটুরিয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে তাকে আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তার আগে, গতকাল রাতে তাকে এলাকা থেকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অধির মনিদাস সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার মৃত রাজেন্দ্র মনিদাসের ছেলে।
ভুক্তভোগী শিশুটি (১০) স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ুয়া একজন শিক্ষার্থী।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,
গতকাল সোমবার (১ জুন) দুপুর পৌনে দুইটার দিকে শিশুটি গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের পুকুরে গোসল করার জন্য যায়। গোসল করার সময় মাথায় শ্যাম্পু লাগানোর সময় অধির মনিদাস শিশুটির বুকে হাত দেয়। পরে তাকে বুকে চেপে ধরে ধর্ষণ চেষ্টা করেন। শিশুটি তার পরিবারকে জানালে তার বাবা সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা একটি অভিযোগ দিলে অধির মনিদাসকে গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আজ আসামীকে আদালতে পাঠানো হয়েছে।


