প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন (এফএনটি) বিভাগ আয়োজিত ‘1st JnU FNT International Student Film Festival-2026’ শীর্ষক এ উৎসবে দেশ-বিদেশের শিক্ষার্থী নির্মাতারা অংশগ্রহণের সুযোগ পাবেন। ইতোমধ্যে উৎসবকে ঘিরে নিবন্ধন ও চলচ্চিত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমন্ত্রিত অতিথি ও সার্বিক আয়োজনের পরিকল্পনা অনুযায়ী শিগগিরই উৎসবের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্র ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত প্রতিযোগিতার জন্য নির্মাণকর্ম জমা দেওয়া যাবে। উৎসবে মোট ৮টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো— Cineman (স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র), Cinema People (গ্রুপ প্রোডাকশন), Screenwriter (চিত্রনাট্য রচনা), Documaker (প্রামাণ্যচিত্র) এবং নারী নির্মাতাদের জন্য বিশেষ বিভাগ Cinewomen।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তঃব্যাচ প্রতিযোগিতার আওতায় Best Maker (Short Fiction Film), Best Group Fiction এবং Best Group Documentary—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, কেবল বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই উৎসবে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার জন্য জমা দেওয়া চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে হতে হবে।
অংশগ্রহণকারীদের চলচ্চিত্রের শিরোনাম, পরিচালক ও প্রযোজকের নাম, নির্ধারিত বিভাগ, পোস্টার, গুগল ড্রাইভ লিংক, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিভাগ, সেশন এবং বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র জমা দিতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা তাদের নির্মাণকর্ম ও প্রয়োজনীয় তথ্য Jnufntfestofficial@gmail.com ঠিকানায় পাঠিয়ে উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।
উৎসব প্রসঙ্গে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিজেদের দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রেখেছে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের অর্জন প্রমাণ করে যে তারা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা রাখে। বিভাগীয় পর্যায়ে ছোট পরিসরে নানা আয়োজন হলেও আন্তর্জাতিক পরিসরের তিন দিনব্যাপী এমন বৃহৎ উদ্যোগ এবারই প্রথম।”
তিনি আরও বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক নির্মাতাদের সঙ্গে ভাব ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি, এ উৎসব চলচ্চিত্র শিল্পের উৎকর্ষ সাধনের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের মর্যাদাকে বিশ্বপরিসরে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।”
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে আয়োজিত এ উৎসব তরুণ নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
পড়ুন- রামিসা ধর্ষণ ও হত্যা: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক আগামীকাল


