বাবার মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি বরেণ্য অভিনেতা টেলি সামাদের ছেলে দিগন্ত সামাদ। নিজের পরিচয় গড়ে তুলছেন সংগীতের জগতে। ব্যান্ড সংগীতের পাশাপাশি একক গান নিয়েই ব্যস্ত থাকেন তিনি। এবার দিগন্ত নাম লিখালেন সিনেমার গানে। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল ও র্যাপার তৌফিক আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটিতে দিগন্তের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদও।
দিগন্ত সামাদ বলেন, ‘আমার বাবা একাধিক প্রতিভার অধিকারী ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পীও ছিলেন। সংগীতের প্রতি আমার ভালোবাসাটা সম্ভবত তার কাছ থেকেই পাওয়া। অনেক দিন ধরেই সিনেমার গানে কণ্ঠ দেওয়ার ইচ্ছা ছিল। “মালিক” সিনেমার মাধ্যমে সেই যাত্রা শুরু হলো।’
সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সংগীত পরিচালক অদিত রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শুধু ‘মালিক’ নয়, ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘রকস্টার’র একটি গানেও যুক্ত ছিলেন দিগন্ত। শাকিব খান অভিনীত সিনেমাটির ‘আমাকে উড়িয়ে দাও’ গানে ব্যাক ভোকাল হিসেবে কণ্ঠ দিয়েছেন তিনি।
দিগন্তের বিশ্বাস, একজন কণ্ঠশিল্পীর জন্য সিনেমার গান একটি বিশেষ অর্জন। তাই ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাক করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
পড়ুন:আগামীকাল ৩ দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
দেখুন:প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাইলেন মুন্সীগঞ্জের সেই নারী |
ইমি/


