ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ভোলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।
রবিবার (৭ জুন) দুপুর ২টার দিকে প্রতিনিধি দলটি ভোলা সদর হাসপাতাল ক্যাম্পাসে এসে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো, খালি জমি, ভবন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা সম্ভাব্য মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নোট নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদনসহ ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভিতরে নির্মাণের জন্য বিভিন্ন বিষয়দি পরে সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা হবে। সেই প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দাখিল করা হবে। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন ডা. আহমদ সামি আল হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ইসরাইল আলম, মনোয়ারা শিকদার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. কামরুজ্জামান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সিজার উপল ও শেরে বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন বাবলু।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ও সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম, তত্বাবধায়ক ডাঃ তৈয়্যবুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক, সংগঠন মীর মোশাররফ অমিসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আমরা ভোলাবাসী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে ভোলাবাসী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে দ্বীপ জেলা ভোলার শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন ভোলাবাসী।
পড়ুন : ময়মনসিংহ ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারপিট, আহত অফিস সহকারি


