গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত শরীফ মেডিকেল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) সকালে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের একটি দল এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ী থানা সংলগ্ন শরীফ মেডিকেল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের মাধ্যমে চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশরীফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সের প্রয়োজনীয় কাগজ ছাড়া কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশরীফুল আলম বলেন, “জেলা এনএসআইয়ের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা শরীফ মেডিকেল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এ কারণে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন- সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত: আপিল বিভাগ


