চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পংকজ শীল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিলক শীল (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা আবিদুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।
মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীলও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বোরকা পরিহিত একজনসহ তিনজনকে রাস্তার পাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। এ সময় পংকজ শীল ও তিলক শীল তাদের পরিচয় জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে পংকজ ও তিলক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে পংকজ শীল মারা যান। আহত তিলক শীলকে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস জানান, রাতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের পরিচয় জানতে চাইলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, হামলার পর তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও বোরকা পরিহিত একজনকে আটক করা সম্ভব হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


