আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমে ছয় মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্লেষকদের ধারণা, বিশ্ববাজারের এ নিম্নমুখী প্রবণতার প্রভাব দেশের বাজারেও পড়তে পারে এবং শিগগিরই সোনার দাম কমানোর ঘোষণা আসতে পারে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে স্পট মার্কেটে সোনার দাম ২১ নভেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। প্রতি আউন্স সোনার দাম নেমে আসে ৪ হাজার ৬৩ দশমিক ৮৭ ডলারে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার মূল্যও কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়িয়ে তুলতে পারে। সম্প্রতি ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বৃদ্ধি পায়।
তেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর উচ্চ সুদের হার সাধারণত সোনার বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ, সুদবিহীন সম্পদ হিসেবে সোনা তখন বিনিয়োগকারীদের কাছে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে ওঠে।
পড়ুন: হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
আর/


