একদিনের সফরে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।
শুক্রবার (১২ জুন) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে থেকে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় গিয়ে পাতলী খাল পুনঃখনন কার্যক্রম এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নির্ধারিত কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
আতিকুর রহমান রুমন আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহিদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ওয়াসীমের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হবে। বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দিনের শেষভাগে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তার। পরে একটি সুধী সমাবেশে যোগ দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কক্সবাজারে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। নিরাপত্তা ব্যবস্থা, জনসভা এবং সরকারি কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ছাড়া সফর-সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের জন্য কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আগেই কক্সবাজারে পৌঁছেছেন।
পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের নিয়ে জরুরি নির্দেশনা
আর/


