পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশকে আরও সবুজে সমৃদ্ধ করার লক্ষ্যে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম।
এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জহুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।


