মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী তাদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার গোলাপনগর কুঠিবাড়ী গ্রামের খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম মম (৪৫) এবং ছেলে মানিক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপনগর কুঠিবাড়ী গ্রামের দুলু বেপারীর ছেলে খোকন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একই হেরোইনসহ পরিবারের তিন সদস্যকে আটক করে। তাদেরকে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের ক্ষোভে স্থানীয় লোকজন তাদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে রান্নাঘরের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
পড়ুন : বদলির এক মাস পরও নতুন কর্মস্থলে যোগদান করেননি শজিমেক হাসপাতালের প্রধান সহকারী


