শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে বাংলাদেশ আনসার ও ভিডিপির উদ্যোগে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬ ইং) বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। স্থানীয় পর্যায়ে কর্মসূচির নেতৃত্ব দেন ধনপুর ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা শামীম আহমদ তালুকদার।
কর্মসূচির আওতায় ধনপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান—সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান এবং ঈদগাহ মাঠসহ মোট ১০টি স্থানে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বিশেষ করে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবুজায়নের আওতায় আনার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হয়।
এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গামাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইতকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিলডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মকে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতেই এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা আরও বলেন, শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব গাছকে বড় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনপুর ইউনিয়ন আনসার ও ভিডিপির সাবেক দলনেতা ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ডা. এস. এম. চাঁন মিয়া। তাঁর উপস্থিতিতে পুরো কর্মসূচি আরও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এছাড়াও সঞ্জীবনী প্লাটুনের ৩২ জন সদস্য ও সদস্যা সক্রিয়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে সময়োপযোগী, শিক্ষাবান্ধব এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম বাড়ানো প্রয়োজন। সবশেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধনপুর ইউনিয়নে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


