চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থপতি ডিজাইন এন্ড কনসালট্যান্টের বিরুদ্ধে প্রকাশিত কথিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দৌজা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে তিনি সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবনের নকশা প্রণয়ন এবং অনুমোদনসংক্রান্ত পেশাগত দায়িত্ব সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। পাশাপাশি তিনি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে “জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ” শিরোনামে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে।
ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা বলেন, প্রকাশিত এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট করার অপচেষ্টা কখনোই সফল হবে না। প্রয়োজন হলে তিনি আইনি ব্যবস্থার মাধ্যমে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন, খুরশিদ আলম, আরিফ হোসেন, গোলাম সরওয়ার, মোরশেদ, আর্কিটেক্ট মুজাহিদুল ইসলাম, মোসলিম উদ্দিন, আনোয়ার হোসেন সোহেল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মাজাহারুল ইসলাম, আর্কিটেক্ট রবিউল ইসলাম হেলাল, ইঞ্জিনিয়ার সামিউল করিম, তরুণ মজুমদার, মাসুদ হৃদয়, ইমন কান্তি দাশ, শরিফ হোসেন, কামরুল হাসান, রাজ্জাকুল হায়দার, আমিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আবু জাফর, মাহিন হাসান তন্ময় এবং আর্কিটেক্ট ধ্রুব কুমার দাশসহ সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : মির্জাপুরে বিসিক শিল্পপার্কের প্রাচীর নির্মাণে রাস্তা বন্ধের অভিযোগ


