চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে বহুল আলোচিত র্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
শনিবার (২০ জুন) র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে র্যাব-৭ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব সদস্য হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী আকবর সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা। তিনি আলী আহমদের ছেলে।
র্যাব জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় সংঘটিত র্যাব সদস্য হত্যা মামলার তদন্ত চলাকালে আলী আকবরের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৫৩, ৩৩২, ২২৪, ২২৫, ৩৩৩, ৩০৭, ৩৮৬, ৩৬৪, ৩৪২, ৪২৭, ৩০২ এবং ৩৪ ধারায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এসব ধারার মধ্যে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীর ওপর হামলা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অপহরণ, অবৈধ আটক, সম্পত্তির ক্ষতিসাধন এবং হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
র্যাব-৭ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও এক র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
পড়ুন- মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়


