জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেওয়া একটি প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করেছেন এক আর্জেন্টিনা সমর্থক।
ঘটনাটি উপজেলার সূর্যনগর গ্রামে। স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ জুমান ব্রাজিলের জয়ের শর্তে দেওয়া ঘোষণা অনুযায়ী মাথা ন্যাড়া করেন।
জানা যায়, ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচে ব্রাজিল জয়ী হলে মাথা ন্যাড়া করবেন বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন। ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে জয় পাওয়ার পর তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন।
স্থানীয়দের উপস্থিতিতে আর্জেন্টিনার জার্সি পরেই মাথা ন্যাড়া করেন ফয়সাল। এ সময় ঘটনাটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুমান বলেন, “খেলাধুলা মূলত বিনোদনের অংশ। আমি প্রতিশ্রুতি অনুযায়ী কাজটি করেছি। এতে আমার কোনো আক্ষেপ নেই।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ফুটবল উন্মাদনার ব্যতিক্রমী উদাহরণ হিসেবে ছড়িয়ে পড়েছে।
পড়ুন : জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টাকালে দুই প্রতারক গ্রেপ্তার


