নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইয়াছিন মিয়া উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে দেবই – কাজিরবাগ মাদরাসা থেকে আলিম এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। পরবর্তী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
নিহতের বোন জামাই মাসুম মিয়া জানান, দেবই মাদ্রাসার দপ্তরী নিহতের চাচা মামুনের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত ইয়াছিনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ বাড়িতে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ দেওয়া হয়েছিল। সেটি মামলাও হয়। নিহতের ঘটনায়ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন : প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সা/


