বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে গঠিত মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শনিবার (২০ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বগুড়ার জেলা প্রশাসকের কাছে নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়েছে।
শনিবার (২০ জুন) রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারের স্বাক্ষরিত চিঠিতে নতুন তিন ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তৌফিকুর রহমান বলেন, “আমরা ইতোমধ্যে চিঠিটি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছি। নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর বিধি অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচয় বিবেচনায় নিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করতে হবে।
উল্লেখ্য, নতুন ইউনিয়নগুলোর নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা দেয়। জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
এদিকে স্বর্ণগ্রাম ইউনিয়নের নাম নিয়েও বিতর্ক রয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিমন্ত্রীর ভাতিজি স্বর্ণের নামানুসারে ইউনিয়নটির নামকরণ করা হয়েছে। তবে বাকি তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হলেও স্বর্ণগ্রাম ইউনিয়নের নাম আপাতত বহাল রাখা হয়েছে।
প্রতিমন্ত্রীর প্রেস সচিব আতিকুর রহমান আতিক বলেন, “কিছু ব্যক্তি স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এ কারণেই প্রতিমন্ত্রী নিজের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে শিক্ষা সচিবের কাছে ডিও লেটার দিয়েছেন।”
প্রসঙ্গত, গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এর অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ী এবং মোকামতলা উপজেলায় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।
পড়ুন : সালিশের মঞ্চে মেজাজ হারালেন এমপি হানজালা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়


