ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী পলাশ মিয়া নিজেকে আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি শনিবার রাতে আখাউড়া থানায় এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ‘Sabidul Islam Siam’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল, আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি ফেসবুকে গিয়ে পোস্টটি দেখেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ওই মন্তব্যের মাধ্যমে জাইমা রহমানের মানহানি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


