ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকায় একটি সিগন্যালের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি রেলওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।”
পড়ুন- অর্থনৈতিক সংকট সমাধানে ২ বছর সময় প্রয়োজন : অর্থমন্ত্রী


