বিজ্ঞাপন

উখিয়ায় শিশু নিখোঁজের ৭৪ ঘণ্টা পার, ওসির আশ্বাসেই সীমাবদ্ধ উদ্ধার তৎপরতা

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া (মাঝের পাড়া) এলাকার আড়াই বছরের শিশু ইশরাত জাহান নুসাইবা (সাইফা) নিখোঁজ হওয়ার ৭৪ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে পরিবারের উৎকণ্ঠা, আর্তনাদ ও শঙ্কা। অন্যদিকে, শিশুটিকে উদ্ধারে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় স্থানীয় জনসাধারণ, সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে সবার অজান্তে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় নুসাইবা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, প্রতিবেশী, পুকুরপাড়, ঝোপঝাড়সহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও শিশুটির সন্ধান পাননি।

নুসাইবার নিখোঁজ হওয়ার ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘ তিন দিনেরও বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো অগ্রগতি বা দৃশ্যমান উদ্ধার তৎপরতা দেখা যায়নি।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি।”

তবে ওসির এই বক্তব্যে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, একটি আড়াই বছরের শিশুর নিখোঁজ হওয়ার মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের আরও দ্রুত, প্রযুক্তিনির্ভর ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।

উখিয়ার গণমাধ্যমকর্মী এম বশর চৌধুরী বলেন, “দিন পেরিয়ে চার দিনে গড়ালো, নুসাইবার কোনো খোঁজ নেই। মাত্র আড়াই বছরের নিষ্পাপ শিশুটি কোথায় আছে, কেমন আছে, তা কেউ জানে না। প্রতিটি মুহূর্ত তার পরিবারের জন্য দুঃস্বপ্নের মতো। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করা প্রয়োজন।”

স্থানীয় সচেতন মহলের মতে, একটি অবুঝ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের ধীরগতি ও গতানুগতিক ভূমিকা উদ্বেগজনক। পরিবারের অভিযোগ, ঘটনার শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অনুসন্ধান চালানো হলে হয়তো ইতোমধ্যে শিশুটির সন্ধান পাওয়া সম্ভব হতো।
এদিকে, নুসাইবার মা মালেকা বেগম ও বাবা শাহাজাহান সওদাগর সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে তারা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন।

নিখোঁজ শিশুর পরিচয়
নাম: ইশরাত জাহান নুসাইবা (সাইফা)
পিতা: মো. শাহাজাহান
মাতা: মালেকা বেগম
বয়স: আনুমানিক আড়াই থেকে তিন বছর
ঠিকানা: ভালুকিয়া, ২নং ওয়ার্ড, রত্নাপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার
যোগাযোগ ০১৮৮০-৮৯৭৩০৪

সহযোগিতার অনুরোধ
কোনো ব্যক্তি যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আপনার একটি তথ্য ফিরিয়ে দিতে পারে একটি মায়ের কোলের সন্তানকে এবং শেষ করতে পারে একটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষা ও কান্না।

বিজ্ঞাপন

পড়ুন : পড়াশোনার একঘেয়েমি দূর করতে খুদে শিক্ষার্থীদের নিয়ে নেত্রকোনায় ফল উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন