“রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মিছিলটি শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে জেলা, পৌর ও উপজেলা যুবদলের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় পর্যবেক্ষক টিমের কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিক আহমেদ ডালার ও মাহমুদুস সালেহীন। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও মো. আব্দুল ওয়াহাব।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচার সুস্থ রাজনীতির অন্তরায়। বর্তমান সময়ে রাজনীতিকে কলুষিত করার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এই অপসংস্কৃতি বন্ধ করে শিষ্টাচারপূর্ণ ও সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম ও নাসিম ইকবালসহ সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে এনসিপি’র বিক্ষোভ


