বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী জুবায়েরের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জুবায়ের আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুবায়েরের বন্ধু শাকীল জানান, দুপুরে বাড়িতে অবস্থানকালে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন্ধু ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়।

স্থানীয়রা বলছেন, বাড়ির গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।’

এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজন, সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, প্রতিবেশীসহ গ্রামবাসীদের মধ্যে মর্মান্তিক এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

বিজ্ঞাপন

পড়ুন : যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন