ইতালির রাজধানী রোমে নিজ বাসায় এক বাংলাদেশি পরিবারের স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
ইতালির সংবাদমাধ্যম ইকোলো দ’ইতালিয়ার প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী বাবা, ৩৮ বছর বয়সী মা এবং তাদের ৫ বছর বয়সী কন্যাসন্তান। তবে প্রতিবেদনে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এ হামলায় দম্পতির ২০ বছর বয়সী বড় ছেলে ছুরিকাঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের ভাষ্য, তার আঘাত গুরুতর নয় এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। এ ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তারে জোর অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের সময় অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটন ও আলামত সংগ্রহে রোম পুলিশের গোয়েন্দা বিভাগ (স্কোয়াড্রা মোবাইল) এবং ফরেনসিক দল ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি চুরি বা ডাকাতির ঘটনা নয়। তদন্তসংশ্লিষ্টদের মতে, হত্যাকারী ওই বাংলাদেশি পরিবারের পূর্বপরিচিত হতে পারেন। ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে নিহতদের বন্ধুবান্ধব, পরিচিতজন এবং রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তের স্বার্থে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তারা।
পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৯০০ ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনও হাজারো মানুষ
আর/


