নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
পুলিশ সুপার জানান, গত ২৬ জুন সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। অভিযোগের পর ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পূর্ব থেকেই চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য বলে স্বীকার করেছে। চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।
তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পড়ুন- কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ জনের


